সারাদেশে করোনা কেড়ে নিল আরও ২৬৪ জনের প্রাণ

অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ১৬১ জনে।

২৪ ঘণ্টায় মৃত ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৫৪ জন ও নারী ১১০ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯২জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন ও বাড়িতে ১০ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৬৮ শতাংশ।

এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ ও ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮২ লাখ ১২ হাজার ৪১টি।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রামে ৬০ জন, রাজশাহীতে ২৫ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১১ জন, সিলেটে ১৭ জন, রংপুরে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন রয়েছেন।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।