সুনামগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে কামাল হোসেন নামের একজন স্থানীয় সাংবাদিককে গাছের সাথে বেধে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এই মানববন্ধনের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পঙ্কজ দে, সিনিয়র সহ সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার ও এড. এ আর জুয়েল ও সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে একটি ভূমিখেকোচক্র বালু উত্তোলনের সময় সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে গেলে ঐ চক্রটি তাকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করে। এ ঘটনায় নেতৃবৃন্দরা দোষীদের আগামী ৪৮ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান। অন্যতায় আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ারও হুশিয়ারী উচ্চারন করেন তারা।

উল্লেখ্য, ঐ সাংবাদিক কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সাথে কথা বলছিলেন। তখন ঘাগটিয়া গ্রামের ভূমিখেকো মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিনের নেতৃত্বে বেশ কয়েকজন গিয়ে তাকে এলোপাড়াতি মারধর শুরু করেন। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছের সাথে কাপড় দিয়ে বেঁধে নির্যাতন করে। পরে তাকে উদ্বার করে তাহিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আজ সকালে পুলিশ চার জনকে আটক করে তাহিরপুর থানায় আনা হয়েছে।