সুন্দরবনে নদীর চরে পাওয়া মৃত বাঘটির ময়না তদন্ত শেষে মাটি চাপা দেয়া হয়েছে

সেখ মুজাহিদুল ইসলাম, বাগেরহাট।।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে একটি মৃত বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার(১৯ মার্চ) রাত ৯টার দিকে বাঘটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ভোর রাত চারটার দিকে শরণখোলা ষ্টেশননে নিয়ে আসা হয়।শনিবার সকাল সাড়ে নয়টায় বাঘের মরদেহটিকে ময়না তদন্ত করেন মোরেলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জি এম আব্দুল কুদদুস, শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মো: জয়নাল আবেদীন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান। পরে বাঘটির মৃত দেহ শরণখোলা রেঞ্জে অফিস চত্তরে মাটি চাপা দেয়া হয়েছে। আর নমুনা পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে বাঘটি একটি পূর্ন বয়স্ক ও স্বাভাবিক বা বাধ্যক্ষ জনিত কারনে মৃত্যু হতে পারে বলে ধারনা করছে সংশ্লিষ্টরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি বাঘের মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ছয়–সাত দিন আগে বাঘটির মৃত্যু হয়েছে। জোয়ারের পানিতে ভেসে এসে ধুনছেবাড়িয়া চরে আটকে পড়ে বাঘটি। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে স্যাম্পল ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে তিনি জানান।