সেই কুতিনহো এখন কোম্যানের ‘গ্রেট প্লেয়ার’

স্পোর্টস ডেস্ক।।
বিপদে পড়লে ফেলনাও আবার ধুয়েমুছে শোকেসে সাজানো যায়! ফিলিপে কুতিনহোর বেলায় যেন তেমনটাই হতে যাচ্ছে। বার্সার আসার পর কিছুদিন নিয়মিত একাদশে থাকলেও পরে তিনি হয়ে যান বেঞ্চের খেলোয়াড়। একটা সময় তো তাকে ছুড়েও ফেলে ক্লাবটি। ২০১৯ সালে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কিন্তু সুযোগ পেলেই ঝলক দেখিয়েছেন এই ব্রাজিলিয়ান। বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগে আট গোল দেওয়ার ম্যাচে এই কুতিনহোও গোল করেন। সে দিনের পর বার্সার চোখ খুলেছে মনে হয়। তবে লিওনেল মেসি থাকলে সেটা হয়তো সম্ভব হতো না। শেষমেশ মেসি বার্সা ছাড়ায় কুতিনহোকে আপন করে নিল কাতালানরা। শুধু আপন নয়, দলটির কোচ রোনাল্ড কোম্যান বলছেন, কুতিনহো তাদের দলের গ্রেট প্লেয়ার।

শুক্রবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে কুতিনহোকে নিয়ে ডাচ কোচ বলেন, ‘স্কোয়াডের সঙ্গে যুক্ত হতে হলে কুতিনহোর আরও এক সপ্তাহ অনুশীলন করা দরকার। আমার জন্য সে দলের গ্রেট প্লেয়ার। সে বার্সার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আমি তাকে এই মৌসুমে অবশ্যই কাউন্ট করছি।’

২০১৮ সালে লিভারপুল থেকে রেকর্ড দামে বার্সায় যোগ দেন কুতিনহো। বায়ার্নে ধারে যাওয়ার আগে কাতালানদের জার্সিতে খেলেছেন ৬৪ ম্যাচ। তবে নিয়মিত দলে জায়গা না পাওয়া, এরপর চোটের সঙ্গে লড়াই করে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে। অবশেষে মেসির চলে যাওয়ায় কপাল খুলল। শোনা যাচ্ছে, মেসির আইকোনিক জার্সি নাম্বার টেনও পরবেন কুতিনহো। যদিও বার্সা চেয়েছিল লা মাসিয়ার কাউকে জার্সিটা পরাতে। কিন্তু তাদের কেউ রাজি হয়নি। তা ছাড়া নতুন রিক্রুট সার্জিও আগুয়েরোকে একটা প্রস্তাব দিয়েছিল দলটি। তিনিও সম্মনি দেননি। শেষ পর্যন্ত বাকি থাকে কুতিনহো।

এর আগে কুতিনহো ১৪ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। এবার সেই ১৪ নম্বর পরে আনুষ্ঠানিক পরিচয়পর্ব সেরেছেন বার্সার নতুন মুখ মানাজ। তাই বার্সার জন্য এই পথটাই এখন খোলা। কারণ লা লিগার নিয়ম অনুযায়ী প্রতি মৌসুমের জন্য ‘এ’ স্কোয়াডের ক্ষেত্রে ২৫ জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে পারবে একটি ক্লাব। যেখানে সর্বোচ্চ তিনজন থাকবে গোলকিপার। তিন গোলকিপার অবশ্যই ১, ১৩ ও ২৫ নম্বর জার্সি পরে খেলবে। আর স্কোয়াডে থাকা খেলোয়াড়দের জার্সি ১ থেকে ২৫-এর মধ্যে অবশ্যই থাকবে। রিজার্ভ টিমে যারা থাকবেন, তাদের জার্সি নম্বর ২৬ থেকে ৫০ হবে।