সেনবাগের নবীপুর ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
মেয়াদ উত্তীর্নের ১ বছর আগে নোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ইউপি নির্বাচনের ঘোষণা করা তফসিল ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। নির্বাচন কমিশন নবীপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করে। এর কারনে আগামী ২৮ নভেম্বর নবীপুর ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।

বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশে নির্বাচন কমিশন সচিবালয়ে উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত স্মারক নং-১৭০০.০০০০.০৭৯.৪১.০৩৯.২১-৫৩১ আলোকে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পত্র জারি করে।ওই চিঠিতে উল্লেখ করা হয়, মাননীয় হাইকোট বিভাগের রিট পিটিশন নং-৯৬৮৬/ ২০২১। ২ নভেম্বর আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩ ধাপের নোয়াখালী সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ হতে ৬ মাস স্থগিত রাখার বাধ্যকতা রয়েছে মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিন্ধান্ত প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না।

এ ব্যাপারে যোগাযোগ করলে নোয়াখালী জেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম নির্বাচন স্থাগিতের বিষয়টি বুধবার রাত সাড়ে ৭টার সময় নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে,নবীপুর ইউনিয়নের নির্বাচন বিগত ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর ২০১৭ সালে চেয়ারম্যান ও মেম্বাররা শপথ গ্রহণ করেন। এরপর ২০১৭ সালের ৬ নভেম্বর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভার শুরুর দিন থেকে ৫ বছরের সময় গণনার মেয়াদ শুরু ও শেষ হয়। এতে আগামী বছর ২০২২ সালের (৬ নভেম্বর) মেয়াদ শেষ হওয়ার কথা।কিন্ত নির্বাচন কমিশন মেয়াদ শেষ হওয়ার ১ বছর আগে গত ১৪ অক্টোবর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও অপর ৫টি ইউনিয়নের সঙ্গে নবীপুর ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মেয়াদ থাকার পরও তফসিল ঘোষণা করায় নবীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি গত ২১ অক্টোবর নির্বাচন কমিশনে একটি আবেদন করেন। ওই আবেদনের অনুলিপি দিয়ে নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোটের বিচারপতি মো. মজিবুর রহমান ও মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার নেতৃত্বে গঠিত যৌথ বেঞ্চে মামলা ৯৬৮৬/২১ দায়ের করলে বিচারপতিগণ নির্বাচন কমিশনের স্বারক নং-১৭৯৯.০০০০..০৭৯.৪১.৩৭১ নির্বাচনী তফসিল ৬ মাসের জন্য স্থগিত করেন। হাইকোর্টের স্থগিতাদেশের দীর্ঘ ১৫ দিন পর আগে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেন।