সোনাইমুড়ীতে জবি ছাত্রী সাবরিনার মৃত্যু, ট্রাকচালক শিপন গ্রেফতার

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মো. সাহাব উদ্দিন শিপনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ট্রাকচালক মো. সাহাব উদ্দিন শিপন (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেল্লালের ছেলে।

রাতে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ইটবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা ঘটনাস্থলেই মারা যান। পরে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নিহত সাবরিনা আক্তার মিতু (২২) উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিনি জবির সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।এদিকে গ্রেফতার ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল ইসলাম।

পরিবারের সদস্য ও স্বজনরা জানান, সাবরিনাদের গ্রামের বাড়ি সোনাইমুড়ী হলেও তার বেড়ে উঠা ঢাকাতে। কদিন আগে ঢাকা থেকে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসেন। শনিবার দুপুরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় ফেরার উদ্দেশে ঘর ছাড়েন সাবরিনা। কিন্তু নিজের এলাকা ছাড়ার আগেই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার।এদিকে এই জবি ছাত্রীর অকালমৃত্যুতে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।