‌‘স্তন ক্যান্সার হওয়ার আগেই পরীক্ষা করাতে হবে’

স্বাস্থ্য-চিকিৎসা।।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, ক্যান্সার হওয়ার পরে নয় আগে থেকে হাসপাতালে পরীক্ষার জন্য যেতে হবে। প্রাথমিক ধাপে ক্যান্সার ধরা পড়লে প্রতিরোধ করা সম্ভব। আমরা মুখে বলি কাজ করি না। যারা সচেতনতায় কাজ করেন তারাও সবাই এই স্ক্রিনিং করি না।

সোমবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ক্যান্সারবিরোধী ও নারী সংগঠনসহ ৩৫টি সংগঠনের মোর্চা বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপনের ১০ বছর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীর শরীর সময়ের পরিক্রমায় পরিবর্তন আসবে। এটি নিয়ে ভীত হওয়া যাবে না। অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে। সমস্যা বেশি হলে ডাক্তারের কাছে যাবেন। থেরাপি না নিয়ে অন্যান্য স্বাভাবিক পদ্ধতি গ্রহণ করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, বিএসএমএমইউতে কতিপয় দালালের কারণে গ্রাম থেকে আসা রোগীদের পরীক্ষায় দুর্ভোগ পোহাতে হয়। দেখা যায় লাইন শেষ করে যায়গায় পৌঁছাতে ৬-৭ দিন লেগে যায়। এই বিষয়টি ডাক্তারদের খতিয়ে দেখা উচিত।

বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য অধ্যাপক ছয়েফ উদ্দিন বলেন, যারা ক্যান্সারে আক্রান্ত হন তাদের যেন গণমাধ্যমে প্রথমেই প্রকাশ না করা হয়। কিছু বিষয় যেন গোপন থাকে। সচেতনতার পাশাপাশি আমরা যেন প্রচার করে কারো ক্ষতি না করে ফেলি। নারীরা এখনো চার দেয়ালের মধ্যেই আছে। হয়ত ১/২ শতাংশ বেরিয়ে এসেছেন।

ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনা নয় তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে হবে এ সচেতনতা কার্যক্রম। উপজেলা হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সম্পৃক্ত করতে হবে। ট্যাবু ও সুপারস্টেশন বর্জন করতে হবে। তাহলে এসব স্তন ক্যান্সার প্রতিরোধ দিবস কার্যকরে আসবে।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ রাসকিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, অধ্যাপক মোজাহেরুল হক, অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, ড. হালিদা হানুম আখতার প্রমুখ।