স্ত্রীকে খুন করে বিমানে শ্বশুরবাড়ি এসে শাশুড়িকে হত্যা

অনলাইন ডেস্ক।।
স্ত্রীকে খুন করে বিমানে শ্বশুর বাড়ি এসে শাশুড়িকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ভারতের বেঙ্গালুরুর সেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের নাম অমিত আগরওয়াল (৪২)। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা নাগাদ দেশটির কলকাতার ফুলবাগানের ৩২-এ রামকৃষ্ণ সমাধি রোডের অক্ষরা গোল্ড আবাসনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত মেয়েজামাই অমিত আগরওয়ালের শাশুড়ির নাম ললিতা ঢনঢনিয়া (৬০)। স্ত্রী শিল্পীর সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলা চলছিল অমিতের। বেঙ্গালুরুতে থাকতেন শিল্পী। শাশুড়িকে খুন করার আগে স্ত্রীকেও খুন করে আসেন অমিত। ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার হওয়া তার সুইসাইড নোট থেকে বিষয়টি জানতে পেরেছে পুলিশ। বেঙ্গালুরু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করে। সেখানে একটি ফ্ল্যাটে শিল্পীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বেঙ্গালুরু পুলিশের প্রাথমিক ধারণা, গলা টিপে খুন করা হয়েছে শিল্পী আগরওয়ালকে।

বেঙ্গালুরু পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সোমবার সন্ধ্যায় যখন শিল্পীর ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয় তখন পচন ধরতে শুরু করে দিয়েছিল। দেহের পচনের ধরন দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খুন করা হয় শিল্পীকে।

পুলিশ সূত্র জানায়, অমিতের সঙ্গে তার স্ত্রী শিল্পীর প্রায় দু’বছর ধরে কোনো সম্পর্ক নেই। বিবাহবিচ্ছেদের মামলা চলছে। অন্যদিকে, সুভাষের ছেলে বিদেশে চাকরি করেন। তাকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছেন ফুলবাগান থানার পুলিশ কর্মকর্তা এবং কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা।