স্ত্রীর পরকীয়া প্রেমিককে খুন করেই সোজা থানায় স্বামী

অনলাইন ডেস্ক।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে স্বপন (৩৫) নামের এক যুবককে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী আরিফ (২৫)।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি নয়াকান্দি এলাকার নদীর পাড়ে ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্বামী আরিফ (২৫) থানায় আত্মসমর্পণ করে।

জানা গেছে, নিহত স্বপন উপজেলার বিশদ্রোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান সওদাগরের ছেলে। আর আত্মসমর্পণকারী আরিফ উপজেলার ভিটিকান্দি নয়াকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, আত্মসমর্পণকারী আরিফ স্ত্রী রোকেয়ার (১৮) সঙ্গে স্বপনের পরকীয়া সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই সংবাদ পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সঙ্গে জড়িত আরিফ নিজেই থানায় আত্মসমর্পণ করেছে। মরদেহের সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয় এবং মামলার প্রস্তুতি চলছে।