স্ত্রী বাড়ি না ফেরায় ক্ষোভে-দুঃখে স্বামীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক।।
নেত্রকোনায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বাড়ি ফেরাতে না পেরে নূর মোহাম্মদ (২৭) নামের এক ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে সদর উপজেলার কে. গাতী ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নূর মোহাম্মদ একই উপজেলার সাদির উদ্দিন মুন্সির ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামাটি গ্রামের সজিব উদ্দিন মুন্সির মেয়ে সাজিদা আক্তারের(২২) সাথে প্রায় দুই বছর আগে কড়ইকান্দি গ্রামের সাদির উদ্দিন মুন্সির ছেলে নূর মোহাম্মদের বিয়ে হয়। কিছুদিন ধরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় স্ত্রী বাবার বাড়ি চলে যান। বুধবার রাতে নূর মোহাম্মদ স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য শ্বশুরবাড়িতে যান। এ সময় শ্বশুরবাড়ির লোকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তারা। ওইদিন রাতেই ক্ষোভে-দুঃখে পূর্বডহর ঈদগাহ মাঠের কাছে বিষপানে আত্মহত্যা করেন নূর মোহাম্মদ। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, নূর মোহাম্মদ বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।