‘স্বামী জেলে, সন্তান মারা গেল, পুত্রবধূ বাবার বাড়ি, আমি নিঃশ্ব’

পাথরঘাটা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় মিজান (২২) নামের এক জেলে হত্যার প্রধান আসামীদের গ্রেফতার না করায় মামলার বাদীকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে আসামীরা। প্রতি রাতে তারা মিজানের মায়ের বসত ঘরে ইটপাটকেলা নিক্ষেপ করছে বলেও অভিযোগ করেন নিহত মিজানের মা আমেনা বেগম। তিনি তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।

নিহত মিজানের মা আমেনা বেগম বলেন, গত ১১ মে আমার ছেলে মিজানকে নিজ বাড়িতে শারীরিক নির্যাত করে হত্যা করে। এর পর আমার পুত্রবধূ ফাতিমা বেগম বাদী হয়ে মামলা করেন পাথরঘাটা থানায়। এতে আমার স্বামীসহ ৪জনকে আসামী করা হয়েছে। তাৎক্ষনিক আমার স্বামী হারুন আকনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। আমার পুত্রবধু সন্তান সম্ভাবনা হওয়ায় তিনি তার বাবার বাড়ি থাকেন। এরপর থেকে আমি ঘরে একা বাসবাস করি। আসামীরা প্রতি রাতে আমার ঘরে ইটপাটকেল নিক্ষেপ করে। যে কোন সময় আমাকেও মেরে ফেলতে পারে আমার ছেলের হত্যাকারিরা।

তিনি আরো বলেন, আমার পরিবারে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বাপ/বেটার মধ্যে বাক বিতন্ডা হয়। আমার ছেলে তার বাবার সাথে খারাপ আচারন করলে প্রতিবেশীরা (আসামীরা) এসে আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। এতে করে আমার স্বামী গেছে জেলে, সন্তান মারা গেল। পুত্রবধু তার বাবার বাড়ি। আমি সব হাড়িয়ে এখন নিঃশ্ব হয়ে গেছি। আমি শেষ বয়সে আমার সন্তান হত্যার সঠিক বিচার দেখে যেতে চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ওসি তদন্ত সাইদ আহম্মেদ জানান, আসামীরা আসলে সবাই জেলে। তারা সাগরে থাকে। একারনে তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কয়েক দিনের মধ্যেই আসামীদের গ্রেপ্তার করা হবে।