স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

বুধবার (২২ জুলাই) সচিবালয় থেকে আমেরিকান চেম্বারের ফ্রন্টলাইনারদের ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার পর একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে পদত্যাগ করায় ধন্যবাদ জানাই। কারণ স্বাস্থ্য অধিদফতর নিয়ে জনমনে অনেক অসন্তুষ্টি তৈরি হয়েছিলো, বিশেষ করে স্বাস্থ্য অধিদফতরের কর্তাব্যক্তিদের নিয়ে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি তার পদত্যাগ স্বাস্থ্য অধিদফতরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

বন্যা নিয়ে বিএনপি নেতাদের বিরূপ মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বন্যার পানি কি বাংলাদেশে এই প্রথম এলো? দেশে তো প্রতি বছরই বন্যা হয়, ঢাকা শহরেও প্রতিবছর পানি ওঠে। বিএনপি যখন ক্ষমতায় ছিলো যখন বুঝি বন্যা হয়নি?

মন্ত্রী এসময় ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও ২০০৪ সালের বন্যার কথা উল্লেখ করে বলেন, ২০০৪ সালের বন্যায় বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমানসহ বহু মন্ত্রী-নেতার বাড়ির চারপাশে নোংরা পানি ছিলো। তারা গুলশান লেক সংস্কার করতে ব্যর্থ হয়েছিলো বলেই তা ঘটেছিলো।

ড. হাছান বলেন, অবান্তর কথা বলা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে, অবান্তর কথা না বলে বন্যার্তদের পাশে দাঁড়ালে বরং জনগণ উপকৃত হবে।