স্মৃতির ক্যানভাস

স্মৃতির ক্যানভাস
-মাহফুজা রিনা

রাত শেষ হয়ে আসছে, দূরে কুয়াশায় ঢাকা পাহাড়ে দিনের আলোর আভাস,
অজানা পাখির কিচিরমিচির ধ্বনি, সকাল আগত প্রায় জানান দিচ্ছে বাতাস।

স্বচ্ছ নীল আকাশ, বাতাসের স্নিগ্ধ পরশ আর নির্মলতা মনকে ছুঁয়ে যায়।
শিশির ভেজা ঘাসে হাঁটতে গিয়ে হঠাৎ তোমাকে মনে পড়ে যায়।
বলে উঠি আনমনে …..এই শোন!
শেষ কবে এমনি করে হেঁটেছো মনে আছে?
জানি, মনে নেই। সে তো কবেই হারিয়ে গিয়েছে জীবন থেকে।

এখন তো বন্দি জীবন ইট পাথরের চার দেয়ালে পোড়া মাটির এই প্রাণহীন শহরে।
জানো ! সেই গ্রামটাও আর গ্রাম নেই যেন আর,
যেখানে গ্রাম ছিল সেখানে এখন ইটের ভাটার পাহাড়, হারিয়েছে নির্মলতা বাতাসের।

আচ্ছা ! শেষ কবে খোলা আকাশ দেখেছো মনে আছে? চাঁদ আর জোছনার মিতালি?
জানি মনে নেই, সে তো কত যুগ আগেই বিলুপ্ত হয়েছে রঙিন আলোর ঝলকানিতে।
তাই তো আজ শহর নির্ঘুম, ক্রমাগত ছুটে চলছে সকাল দুপুর রাত্রিতে।

আচ্ছা ! শেষ কবে তাজা ফুলের ঘ্রাণ নিয়েছো মনে আছে?

সেই চির চেনা ক্যাম্পাস, জোছনা রাত, ছাতিম আর হাসনাহেনার মোহনীয় সুবাস।

জানি মনে নেই, হাতের কাছে প্রসাধনীর নকল ঘ্রাণ নারী-পুরুষের শরীর ছুঁয়ে যায়, ঐ সব মনে রাখার সময় কোথায়?

যদি কখনও মন চায় শহরের ঐ কোলাহল আর চোখ ধাঁধানো আলোর পৃথিবী ছেড়ে কোনও এক মায়াবী পূর্ণিমা রাতে প্রকৃতির পানে সবুজ শ্যামল এই গাঁয়ে চলে এসো। চলে এসো।

তোমার প্রতিক্ষায়…

রচনা: ২২.০৯.২০১৮