হংকংয়ে গণতন্ত্রপন্থী আইনপ্রণেতাদের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক।।
চার সহকর্মীকে পদচ্যুত করার প্রতিবাদে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা। স্থানীয় সময় বুধবার তারা এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে ‘হুমকি হিসেবে বিবেচিত’ হংকংয়ের রাজনৈতিক নেতাদের পদচ্যুত করার অনুমোদন দেয় চীন। চীনের ন্যাশনাল পিউপিল’স কংগ্রেসের স্টান্ডিং কমিটির এই আইন অনুসরণ করে ওই চার নেতাকে পদচ্যুত করা হয়।

এরপরই গণতন্ত্রপন্থী নেতারা তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। হংকংয়ের ৭০ আসনের পার্লামেন্টে গণতন্ত্রপন্থী আইনপ্রণেতাদের রয়েছে ১৯টি আসন।

চীন জানিয়েছে, আইনপ্রণেতারা যদি হংকংয়ের স্বাধীনতাকে সমর্থন, চীনের সার্বভৌমত্বকে অস্বীকার, নিজেদের বিষয়ে হস্তক্ষেপ করতে বিদেশি শক্তিকে আহ্বান কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন তাহলে তাদের অযোগ্য ঘোষণা করা হবে।

হংকংয়ের গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা শিবিরের আহ্বায়ক উ চি-ওয়াই বলেছেন, আমরা বিশ্বকে আর বলতে চাই না যে এখানে এক দেশ দুই নীতি চালু আছে। এই নীতির আনুষ্ঠানিক পরিসমাপ্তি হয়েছে।