হারিকেন লরায় লণ্ডভণ্ড লুইজিয়ানা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে হারিকেন লরার আঘাতে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। এরমধ্যে মধ্যে চারজনই মারা গেছেন গাছের নিচে চাপা পড়ে।

সংবাদ সংস্থা সিএনএনের খবরে জানা যায়, আঘাত হানার সময় হারিকেন লরার বাতাসে গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে সেখানকার পাঁচ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) লরা ক্যাটাগরি চারে পরিণত হয়ে উপকূলে আঘাত হানে। গাছপালা, ঘরবাড়ি সব উপড়ে ফেলে। তাতে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পাওয়ার আউটেইজেস ডটকমের রিপোর্ট অনুযায়ী ৮ লাখ ৪৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আরকানসাস রাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৫৫ হাজার গ্রাহক।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘূর্ণিঝড় লরার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ মাইল। তাতেই দক্ষিণ লুইজিয়ানার কয়েক মাইল লণ্ডভণ্ড হয়ে যায়। উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। কোথাও কোথায় উঠে যায় বন্যার মতো পানি। একইরকম পরিস্থিতি তৈরি হয় আরকানসাস রাজ্যেও।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড বলেন, আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেমনটা ভুগবো বলে আশঙ্কা করছিলাম তেমনটা হয়নি। তবুও অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে সাবধানে থাকার আহ্বান জানান।