হুইল চেয়ারে করেই প্রচারে ফেরার ঘোষণা মমতার

আন্তর্জাতিক ডেস্ক।।
নন্দীগ্রামে নির্বাচনি প্রচারে গিয়ে আহত হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়েই কর্মী-সমর্থকদের প্রতি ভিডিও বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১১ মার্চ) দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই প্রচারে ফিরবেন। পাশাপাশি দলের কর্মীদের শান্ত থাকার জন্যও অনুরোধ করেন তৃণমূল কংগ্রেসের এ নেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বুধবার সন্ধ্যায় নিজের নির্বাচনি আসন নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আহত হন মমতা। সেখান থেকে তাকে সরাসরি কলকাতায় নিয়ে আসা হয়। রাতে তার পায়ে প্রাথমিক ভাবে প্লাস্টার করা হয়। বুধবার সন্ধ্যার ঘটনার পর থেকেই তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী-সমর্থকেরা চিন্তিত ছিলেন, আসন্ন ভোটের প্রচার কাজ কী ভাবে সামলানো হবে। দলনেত্রী আহত হয়ে পড়ে থাকলে এত বড় ‘দায়িত্ব’ কে বৃহস্পতিবার সে সব ভাবনারই জবাব দিলেন মমতা।

এদিন ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা আমার কর্মী-ভাইবোন আছেন, তাদের বলছি, গতকাল আমার খুব জোর চোট লেগেছিল। পায়ে চোট আছে। লিগামেন্টেও চোট লেগেছে। মাথায় এবং বুকে খুব ব্যথাও হয়েছে। খুব বড় চোট লেগেছে। গাড়ির পা-দানির উপরে দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে, গাড়ির দরজাটা আমার পায়ের উপর চেপে যায়। আমার কাছে যে ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে কলকাতার দিকে রওনা হই। ডাক্তারদের চিকিৎসাতেই আছি।’

সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানি তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব সকলের কাছে, শান্ত থাকুন, সংযত থাকুন, ভাল থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনও অসুবিধা হয়। আশা করি আমি আবার দু’তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের সমস্যা থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং কিছুই আমি নষ্ট করব না। হয়তো কিছু দিন আমাকে হুইল চেয়ারে ঘুরতে হবে।’

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাদের অভিযোগ, নন্দীগ্রামের বিরুলিয়ার মন্দির থেকে বেরোনের সময় মুখ্যমন্ত্রীকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। সেই সময় গাড়ির দরজায় পায়ে চোট পান মমতা। এরইমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে দলটি। বুধবার মুখ্যমন্ত্রীও অভিযোগ করেছিলেন,চক্রান্ত করে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার দেওয়া ভিডিও বার্তায় ষড়যন্ত্রের কথা বলেননি মমতা।

হাসপাতাল সূত্রে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হাসপাতালে মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। তবে মমতা প্রচারে অংশ নিতে চাইলে চিকিৎসকরা কী সিদ্ধান্ত নেবেন তা এখনও জানা যায়নি। তৃণমূল সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার আরও জানায়, নেত্রীর ইচ্ছা মতো যাবতীয় ব্যবস্থা করতে তৈরি আছে দল। হেলিকপ্টারে করে তার রাজ্য সফরের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে উঠতে মমতার যেন কোনও সমস্যা না হয় তার ব্যবস্থাও রাখা হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।