হুট করে মাঠে নামা ভোগাচ্ছে মিঠুনকে

স্পোর্টস ডেস্ক।।

মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি মিলেছে। তবে বেশির ভাগ ক্রিকেটারেরই তাতে আগ্রহ নেই। মিরপুরে প্রথম দিন অনুশীলন করেছেন মাত্র ৩জন। তাদের মাঝে অন্যতম মোহাম্মদ মিঠুন। অবশ্য দীর্ঘদিন পর মাঠে গিয়ে কিছুটা অস্বস্তিতে ভুগেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এমনটা মনে হওয়া অস্বাভাবিকও নয়। করোনাকালে মার্চে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ বন্ধের পর কেটে গেছে প্রায় চার মাস। এই সময়ে খেলার মাঝে ছিলেন না কোনও ক্রিকেটার। ফলে হুট করে মাঠে নেমে কিছুটা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে জানালেন মিঠুন।

অনুশীলন শেষ করে এক ভিডিও বার্তায় তিনি প্রথম দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন, ‘আমরা দীর্ঘ চার মাস পরে আজ মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছি। তো ব্যাটিং, রানিং সবই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতদিন আমরা ইনডোরে ফিট থাকার অনুশীলন করেছি, এখন বাইরে এসে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি, প্রতিদিন একটু একটু করে আবার আগের মতোই সব ফিরে পাব।’

রবিবার (১৯ জুলাই) থেকে দেশের চার ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন মোট ৯ ক্রিকেটার। যেখানে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। বিসিবির দেওয়া সূচি অনুযায়ীই অনুশীলনে আসেন মিঠুন। সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত রানিং করার পাশাপাশি ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন তিনি।