১০ বছর আগেও নারীরা পিছিয়ে ছিলেন, এখন সেই অবস্থা নেই

রূপালী ডেস্ক॥
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের পৌছানোর লক্ষ্য স্থির করা হয়েছে। সেই লক্ষে পৌছানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ ও তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যবৃন্দদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উচ্চ মধ্যম ও সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে পৌছাতে হলে নারীদের সাথে নিয়েই কাজ করতে হবে। আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই নারী, নারীদের বাদ দিয়ে আমাদের সরকারের লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হবো।

দশ বছর আগেও নারীরা পিছিয়ে ছিলেন, কিন্তু এখন সেই অবস্থা নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে নারীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে নিচ্ছেন, যাতে করে ৩৩% এর নির্ধারিত কোটাগুলো পূরণ সম্ভব হয়।

আজ সেনাবাহিনী, নৌ-বাহিনী, এয়ারফোর্স, পুলিশে নারীরা রয়েছেন। একটি জেলায় উপজেলা পর্যায়ে আজ নারীরা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। টাঙ্গাইলে গিয়ে দেখি ৫ জেলায় ৫ জনেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। যা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। প্রাথমিক বিদ্যালয়ের সব জায়গাতেই নারী শিক্ষক। অনেক বিদ্যালয়ে তো পুরুষ শিক্ষকতো পাওয়াই যায় না।

বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, অধ্যাপিকা শাহ্ শাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।