১১ ম্যাচে মেসির গোল মাত্র ১টি!

স্পোর্টস ডেস্ক।।
মাসখানেক আগেই জিতেছেন ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার। তার আগে চলতি বছরই স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথম শিরোপা। তাকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। বলছি লিওনেল মেসির কথা। অথচ সেই তিনিই কি না ফরাসি লিগে চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র ১ গোল করেছেন!

এতটা বাজে ফর্ম আর্জেন্টাইন অধিনায়কের পুরো ক্যারিয়ার জুড়ে ছিল না। বার্সেলোনায় থাকতে তার কোনোদিন গোল খড়ায় ভুগতে হয়নি। কিন্তু পিএসজিতে আসার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন লিওনেল মেসি। মাঝেমধ্যেই মেসি ঝলক দেখা গেলেও পরিসংখ্যানে তিনি পিছিয়ে।

পিএসজির হয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে দুই পেনাল্টিসহ ৫ গোল করেছেন মেসি। আর লিগ ওয়ানে ১১ ম্যাচে তার গোল সংখ্যা মাত্র ১টি! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সর্বশেষ এতটা বাজে সময় কাটিয়েছেন ২০০৫-০৬ মৌসুমে, যখন তার ক্যারিয়ার কেবল শুরু হয়েছিল।