১২ বছরের কিশোরীকে বিয়ে করে কারাগারে বৃদ্ধ বর

অনলাইন ডেস্ক।।
ফরিদপুরের সদরপুরে এবার ব্যতিক্রম এক বিয়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি সদরপুর উপজেলার সতেররশি গ্রামে ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মাদ ফকির ১২ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন।

এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বরকে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, কনের মাকে ছয় মাসের ও কনের নানা-নানীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

মোহাম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মৃত কালু ফকিরের ছেলে। গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে এ বিয়ে হয়। বিয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কনের মা ফাতেমা বেগম।

কনের স্বজনরা জানায়, এ বাল্যবিয়ের বিরোধিতা করেন কনের বাবা মো. হাবিব পেয়াদা। তবে তার স্ত্রী ফাতেমা গোপনে মেয়ের বিয়ে দেন। এরপর জামাই হিসেবে মোহাম্মদ ফকির শ্বশুরবাড়িতে গেলে কনের বাবা ও প্রতিবেশীরা তাকে আটক করে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর মোহাম্মদ ফকিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও তিন মাসের জেল) করেন। এছাড়া কনের মা ফাতেমা বেগমকে ছয় মাসের এবং কনের নানা খবির ও নানী হালিমুনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও পূরবী গোলদার বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর বিভিন্ন ধারায় এই শাস্তি দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।