১৫ হাজার পরিবারের পাশে বিসিবি

স্পোর্টস ডেস্ক।।
করোনাকালে ক্রিকেট বন্ধ থাকলেও বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের যুক্ত রেখেছে মানবতার সেবায়। দেশের এই সংকটকালে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার প্যাকেট ত্রাণ দিয়েছে বিসিবি।

এরইমধ্যে দেশজুড়ে বিভাগীয় ও জেলা পর্যায় মিলিয়ে ১৫ হাজার মানুষকে খাদ্য-দ্রব্যের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দিয়েও তারা সহায়তা করেছে। ভবিষ্যতে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণসামগ্রী।

বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অসহায়দের মধ্যে বিসিবির পক্ষ থেকে ত্রাণ বিতরন করেছেন। ব্যক্তিগত উদ্যোগেও একই কাজ করেছেন।

এছাড়াও শফিউল আলম চৌধুরী নাদেল সিলেটে চা বাগানের কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। আর চট্টগ্রামে বিসিবির কর্মচারী ও সার্ভিস প্রদেয়দের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ত্রাণ দিয়েছেন বিসিবির কর্মকর্তারা।