১৬ মাস পর টেস্ট স্কোয়াডে ফিরলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার।।
আসন্ন জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে গত ২৩ জুন তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে নাম থাকলেও টেস্ট স্কোয়াডে নাম ছিলনা মাহমুদউল্লাহ রিয়াদের। তবে আজ (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে টেস্ট স্কোয়াডেও অন্তর্ভূক্ত করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

সাদা পোশাকে ৪৯ ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টের পর ১৬ মাস বাদে আবার সাদা পোশাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের সামনে।

২০০৯ সালে টেস্ট অভিষেকের পর থেকে এখন অব্দি ৪৯ টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। ৯৩ ইনিংসে ব্যাট করে ৩১.৭৭ গড়ে করেছেন ২৭৬৪ রান। সেঞ্চুরি ৪ টি, ফিফটি ১৬ টি। ৬৫ ইনিংসে বল করে নিয়েছেন ৪৩ উইকেট। ইনিংসে একবার নিয়েছেন ৫ উইকেট।

সাদা পোশাকে বাংলাদেশের পক্ষে ৬ ম্যাচে টস করতে নেমেছেন মাহমুদউল্লাহ। দল সেখানে জিতেছে ১ টিতে, হেরেছে ৪ টিতে, বাকি ম্যাচ হয়েছে ড্র।

টেস্ট স্কোয়াডঃ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ।