১ ওভারেই আফগান ব্যাটারের ৪৮ রান

স্পোর্টস ডেস্ক।।
ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে? ৬ বলে ৬টি করে ছক্কা মারলেও তো ৩৬ রানের বেশি হওয়ার কথা নয়। কিন্তু কাবুল প্রিমিয়ার লিগে এটা কী হলো? আফগান ব্যাটার সাদিকুল্লাহ আতাল এক ওভারে নিয়েছেন ৪৮ রান। ওই ওভারে ছক্কাই মেরেছেন সাতটি।

ঘটনাটি ঘটে আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগের শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারসের ম্যাচে। বোলিং প্রান্তে ছিলেন আবাসিন ডিফেন্ডারসের স্পিনার আমির জাজাই। মূলত ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন জাজাই।

ম্যাচের ১৯তম ওভারে সাদিকুল্লাহ অপরাজিত ৭৬ রানে ব্যাট করছিলেন। দলীয় রান তখন ৬ উইকেটে ১৫৮। ওভারের প্রথম বলটি নো করেন জাজাই, সেই বলে ছক্কা হাঁকান সাদিকুল্লাহ। জাজাই পরের বলটি করেন ওয়াইড, কিপার ধরতে না পারায় অতিরিক্ত আরও ৪ রান। ফলে কোনো বৈধ বল করার আগেই ১২ রান দেন এই স্পিনার। এর পরের ৬ বলে ৬টি ছক্কা হাঁকান সাদিকুল্লাহ। ওই ওভারে ৪৮ রান সংগ্রহ করে শাহিন হান্টারস।

আর আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই স্পেল শেষ করেন ৭৯ রান দিয়ে। ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত আফগানিস্তানের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা সাদিকুল্লাহ।