২৮ মার্চের হরতালে সহায়তার ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক।।
আগামী ২৮ মার্চ সারাদেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট হরতালের ডাক দিয়েছে। এতে জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন ও সহায়তা থাকবে বলে জানান দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

শনিবার (১২ মার্চ) দুপুরে এ সমর্থনের কথা জানান। সারাদেশে আধাবেলা হরতাল পালন করবে বাম দলগুলোর প্রধান এই জোট।

অন্যদিকে তাদের হরতালের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও (বাংলাদেশ ন্যাপ)।

আগামী ২৮ মার্চ সব রাজনৈতিক দল ও সব জনগণকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওইদিন বাসার বাইরে বের হবেন না। বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দলমত নির্বিশেষে যে যেভাবে পারেন হারতাল পালন করবেন।

এর আগে শুক্রবার সকালে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে। কর্মসূচি সফল করতে সোমবার থেকে ২৭ মার্চ সারা দেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।