৩নং ওয়ার্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পাশে কামরুল আহসান

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অনুদান দিলেন আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল আহসান হাসান। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে তিনি আহতদের বাড়ি বাড়ি গিয়ে এ অনুদান দেন।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ৩নং ওয়ার্ডের ছাত্র-জনতা। তাদের মধ্যে চৌমাথা এলাকায় অন্দোলন চলাকালে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে সিয়াম, জামাল খান, দুলাল হাওলাদার, সুজন গাজী ও আরিফ ফকিরকে দেখতে জান আহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল আহসান হাসান। এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাদেরকে ভুলে গেলে চলবে না। এই সাহসী সন্তানদের বিপদে আপদে পাশে থাকতে হবে। সমাজের সবাইকে মিলেমিশে দেশের কল্যানে কাজ করার জন্য পরামর্শ দেন তিনি।

এর আগে ৭ সেপ্টেম্বর শনিবার বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া ও আলোচনা সভা অংশ নেন মোঃ কামরুল আহসান হাসান। নগরীর বাগিয়ায় রেঁনেসা সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে, ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।

রেঁনেসা সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান খান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশন এর সেক্রেটারি হাসিবুর রহমান অনিক খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা শাজাহান গাজী, শিক্ষক মিজানুর রহমান ও রাসেল আলম লস্কর প্রমুখ। এ সময় ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য উপহার প্রদান করা হয়।