৩০ সেঞ্চুরিতে স্মিথ যেখানে দ্রুততম, যেখানে দ্বিতীয়

স্পোর্টস ডেস্ক।।
সিডনি টেস্টে আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার ইনিংসে ১০৯তম ওভারে আনরিখ নরকিয়াকে চোখ ধাঁধানো পুল শটে চার মেরে কাঙ্ক্ষিত সেই সংখ্যাটার দেখা পেয়ে যান স্টিভ স্মিথ। সেঞ্চুরি! এই সেঞ্চুরিটি স্মিথ মনে রাখবেন নিশ্চিত। স্যার ডন ব্র্যাডম্যানকে পেছনে ফেলা সেঞ্চুরির মাধুর্যই যে অন্যরকম।

টেস্টে এটি স্মিথের ৩০তম সেঞ্চুরি। ব্যাটিংয়ের শেষ কথা হিসেবে বিবেচিত হওয়া ডন ৫২ টেস্টে ৮০ ইনিংসে ২৯ সেঞ্চুরি করেছেন। টেস্টে ৯৯.৯৪ ব্যাটিং গড়ের ‘অতিমানব’কে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিসংখ্যায় যৌথভাবে তিনে উঠে এলেন স্মিথ। ক্যারিয়ারের ৯২তম টেস্টে ১৬২তম ইনিংসে এসে ৩০ সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে স্মিথের চেয়ে এগিয়ে শুধু রিকি পন্টিং (৪১) ও স্টিভ ওয়াহ (৩২)।

দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া শক্ত অবস্থানে। স্মিথ ১০৪ রানে আউট হলেও ওপেনার উসমান খাজা ডাবল সেঞ্চুরির সুবাস পাচ্ছেন। ১৯৫ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন বাঁহাতি। ম্যাট রেনশ তাঁকে সঙ্গ দেন দ্বিতীয় দিনের শেষ বল পর্যন্ত। ৪ উইকেটে ৪৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।

স্মিথের মতো ম্যাথু হেইডেনেরও ৩০টি টেস্ট সেঞ্চুরি। ১০৩ টেস্ট খেলা সাবেক এই বাঁহাতি ওপেনার ক্যারিয়ারের ৯৪তম টেস্টে ৩০ সেঞ্চুরির দেখা পান। দ্রুততম ৩০ সেঞ্চুরির হিসেব করলে স্মিথের চেয়ে কম ইনিংস খেলে এর দেখা পেয়েছেন শুধু একজনই—শচীন টেন্ডুলকার। ক্যারিয়ারের ১৫৯তম ইনিংসে এসে ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির (৫১) রেকর্ড গড়া ভারতীয় কিংবদন্তি। স্মিথ দ্বিতীয় দ্রুততম (১৬২)। তবে অস্ট্রেলিয়ার হয়ে স্মিথই দ্রুততম ৩০ সেঞ্চুরির মালিক। তাঁর আগে রেকর্ডটি হেইডেনের দখলে ছিল (১৬৭ ইনিংস)।

ম্যাচের হিসেব করলে দ্রুততম ৩০ টেস্ট সেঞ্চুরিতে বাকিদের চেয়ে এগিয়ে স্মিথ। ৯২তম ম্যাচে এর দেখা পেলেন। তাঁর আগে ক্যারিয়ারের ৯৪তম ম্যাচে ৩০তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন হেইডেন। ৯৯তম ম্যাচে ৩০টি সেঞ্চুরি পেয়েছেন ভারতের দুই কিংবদন্তি টেন্ডুলকার ও সুনীল গাভাস্কার।

মাইকেল ক্লার্ককে (৮৬৪৩) পেছনে ফেলে স্মিথ (৮৬৪৭) এখন অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও। তাঁর সামনে স্টিভ ওয়াহ (১০৯২৭), অ্যালান বোর্ডার (১১১৭৪) ও রিকি পন্টিং (১৩৩৭৮)। টেস্টে ব্যাটিংগড়ে অমর ব্র্যাডম্যানের পরেই স্মিথের (৬০.৮৯) অবস্থান।

আলোর স্বল্পতা ও মেঘলা আবহাওয়ার জন্য কাল প্রথম দিনে মাত্র ৪৭ ওভারের খেলা হয়। ২ উইকেটে ১৪৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। ৫৪ রানে অপরাজিত ছিলেন খাজা। আজ ৮৪ ওভার বোলিং করে শুধু স্মিথ ও ট্রাভিস হেডকে (৭০) তুলে নিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।

খাজার সঙ্গে ২০৯ রানের জুটি গড়েন স্মিথ। এরপর স্মিথ আউট হলে হেডের সঙ্গে ১১২ রানের জুটি গড়েন খাজা। ২ উইকেট নিয়েছেন নরকিয়া। ১টি করে উইকেট কাগিসো রাবাদা ও কেশব মহারাজের।