৪৯ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি বীর মুক্তিযোদ্ধা কনেষ্টবল শাহ আলম শরীফের

মো: মনির আকন, মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ার বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা পুলিশ কনেষ্টবল মোঃ শাহ আলম শরীফ ৭ ডিসেম্বর দায়িত্বরত অবস্থায় পাক বাহিনীর হাতে শাহাদাৎ বরন করেন। স্বাধীনতার ৪৯ বছরেও এই শহীদ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। শহীদ বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম শরীফ (নিঃসন্তান) বাদুরা গ্রামের মৃত মোঃ আবুল হোসেন শরীফের ছেলে।

শহীদের পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ শাহ আলম শরীফ ১৯৬৯ সালে পুলিশ কনেষ্টবল পদে চাকুরীতে যোগদান করেন (তার কং নং-৩২২)। মহান মুকিযুদ্ধের সময় তিনি পটুয়াখালী পুলিশের অস্ত্রাগারে দায়িত্বরত ছিলেন। ৭ ডিসেম্বর পাক বাহিনী অস্ত্রাগার আক্রমন করলে কনেষ্টবল শাহ আলম জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলেন। এসময় পাক বাহিনীর গুলিতে শাহ আলম শাহাদাৎ বরণ করেন। পরবর্তীতে তার লাশ খুজে পাওয়া যায়নি। শহীদ শাহ আলমের মা পুত্র শোকে দীর্ঘ ১৪ বছর আহজারি করে মৃত্যু বরণ করেন।

স্বাধীনতার ৪৯ বছরেও শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলম শরীফের রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা।

শহীদের ভ্রাতুষ্পুত্র ও মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ রোকনুজ্জামান শরীফ জানান, শাহ আলম শরীফ দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বাদুরা বাজার-সাফা বাজার রাস্তাটি শহীদ শাহ আলম শরীফের নামকরনের জন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে দাবী জানিয়েছেন।