৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক।।
শেষ বলে খেলা গড়ানো মানেই,ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। ক্রাইস্টচার্চে শ্রীলংকা-নিউজিল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর টেস্টে শেষ পর্যন্ত জয় পায় স্বাগতিকরা।

আসিতা ফার্নান্দোর শর্ট বলটিতে পুল করতে চেয়েছিলেন কেইন উইলিয়ামসন।বল ব্যাটে না লাগলেও ছুটলেন রানের জন্য।জিততে হলে এই বলে যে ১ রান নিতেই হবে!

উইকেটকিপার নিরোশান ডিকভেলা বল হাতে নিয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে চাইলেন, হলো না। বোলার আসিতা বল তুলে নিয়ে থ্রো করলেন নন স্ট্রাইক প্রান্তে।সরাসরি থ্রোয়ে ভেঙে গেল স্টাম্প।

উইলিয়ামসন কি পৌঁছাতে পেরেছেন,নাকি সেন্টিমিটার বা মিলিমিটারের ব্যবধানে আটকে গিয়ে রানআউট হয়ে গেলেন? ম্যাচ কি ড্র, না কিউইদের জয়?

মাঠের আম্পায়ার সাহায্য চাইলেন টিভি আম্পায়ারের। রুদ্ধশ্বাস অপেক্ষার পর তৃতীয় আম্পায়ার জানালেন, উইলিয়ামসন আউট হননি।স্কোরবোর্ডে যোগ হলো নিউজিল্যান্ডের ১ রান। যে রানে পঞ্চম দিনের শেষ বলে শ্রীলংকার বিপক্ষে ২ উইকেটে জয় তুলেছে নিউজিল্যান্ড।

৭৫ বছর পর টেস্ট ক্রিকেট দেখল শেষ বলে ম্যাচ জয়। ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল।টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।

শেষ বলে ম্যাচ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ হারাল শ্রীলংকা।জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট শিরোপার লড়াইয়ে খেলবে ভারত।

শ্রীলংকা দুই ইনিংসে করে ৩৫৫ ও ৩০২ রান। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৭৩ রান। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসের তাদের প্রয়োজন ছিল ২৮৫ রান।২ উইকেট হাতে রেখে দিনের শেষ বলে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।