৮৭ বছর পর পুরোনো স্মৃতি ফেরালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক।।
চিরাচরিতভাবেই দক্ষিণ আফ্রিকার কন্ডিশন পেসারদের সহায়ক। এই কন্ডিশনে নতুন বলে পেসাররাই দলগুলোর মূল অস্ত্র। গতকাল (শুক্রবার) সেই আফ্রিকায় নতুন বলে বাংলাদেশের হয়ে বোলিং করলেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভার বোলিং করে ৮৭ বছর পুরোনো স্মৃতি ফেরালেন মিরাজ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে কোনো স্পিনারের বোলিং ওপেন করা বিরল ঘটনাই বটে। সর্বশেষ ১৯৩৫ সালে এই নজির দেখা গিয়েছিল। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করেন প্রোটিয়ারা। ম্যাচের প্রথম ইনিংস বোলিং ওপেন করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার বিল ও’রাইলি। প্রথম ওভার ফাস্ট বোলার আর্নি ম্যাককরমিক করার পর দ্বিতীয় ওভারে বোলিং করেন ও’রাইলি। শুক্রবার যেমন খালেদের পর নতুন বলে অপর প্রান্তে মিরাজের হাতে বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। এক ওভার পরই অবশ্য মিরাজকে সরিয়ে নেওয়া হয়। ঐ ওভারে ৭ রান দিয়েছেন তিনি।

অবশ্য পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে প্রথম টেস্ট ম্যাচেই নতুন বলে বোলিং করেছিলেন একজন স্পিনার। এই ভেন্যুর বিবেচনায় স্পিনারের বোলিং ওপেন করার ঘটনা ঘটল ১৩৩ বছর পর। সর্বশেষ ১৮৮৯ সালে নিজেদের অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল প্রোটিয়ারা। ম্যাচে ইংলিশ স্পিনার জনি বিগ্রস প্রথম বোলার হিসেবে বোলিং করেছিলেন।

বিদেশের মাটিতে এর আগে ২০১৮ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্পিনার দিয়ে বোলিং ওপেন করিয়েছিল বাংলাদেশ। আবু জায়েদ রাহীর সঙ্গে অপর প্রান্তে বোলিং করেছিলেন সাকিব আল হাসান।