তালতলীতে মা-মেয়েকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

কে.এম রিয়াজুল ইসলাম, তালতলী।।
বরগুনার তালতলীতে সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে। সোমবার (২২ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামোপাড়া গ্রামের প্রবাসী মোঃফারুক হাওলাদারে বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

প্রবাসির স্ত্রী পারভীন বেগম বলেন, রাতে ঘূমিয়ে পড়ার পর হঠাৎ আমার ও মেয়ের মুখ চেপে ধরে আলমিরার চাবি চাইলে আমার মেয়ে ফারজানা আলমিরার চাবি দেয়। এ সময় আলমিরার খুলতে বাধা দিলে আমাকে ও আমার মেয়েকে রামদা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তারা দলে ৪থেকে ৫জন ছিল। তাদের মধ্যে একজনকে চিনতে পারায় আমাদেরকে আরও মারধর করে হুমকি দিয়ে চলে যায়। পরে চিৎকার দিলে প্রতিবেশি ছুটে আসে। সকালে ওঠে দেখি ঘরের সিঁদ কাটা।

তালতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রকমের একটি ঘটনা ঘটে স্থানীয় চেয়ারম্যান আমাকে সকালে ফোনে জানিয়েছেন। পুলিশের ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দুলাল ফরাজী বলেন, ডাকাতির খবর শুনেছি। পুলিশসহ ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি।