করোনায় মারা গেলেন পুলিশের আরও এক সদস্য

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরও সদস্য। তার নাম কনস্টেবল মো. রফিকুল ইসলাম (৫৬)। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সোমবার (২২ জুন) রাতে পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কনস্টেবল রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে এ নিয়ে মোট ৩১ জন পুলিশ সদস্য মারা গেছেন।।

রফিকুল ইসলাম ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে তার বাড়ি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় রফিকুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।