আইএইএ যতক্ষণ পর্যন্ত স্বাধীন থাকবে সহযোগিতা করবো: ইরান

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি (আইএইএ। এ পদক্ষেপের ফলে সংস্থাটি নিজেদের স্বাধীনতা হারাতে পারে বলে সতর্ক করেছে ইরান। এছাড়া দেশটি আরো জানিয়েছে, আইএইএ যতক্ষণ পর্যন্ত স্বাধীন সংস্থা হিসেবে নিজের অস্তিত্ব ধরে রাখবে ততদিন সহযোগিতা করবে ইরান।

বুধবার (২৪ জুন) ইরানের টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে এই সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, ইরানের ২টি স্থাপনায় প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে আইএইএ’র প্রস্তাবটি বাস্তবায়ন করা হলে সংস্থাটি তার স্বাধীনতা হারাতে পারে।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে একটি সমালোচনামূলক প্রস্তাব পাস করেছে আইএইএ। প্রস্তাবটিতে বলা হয়েছে, ইরানকে অবশ্যই তাদের দুটি পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শকদের তাত্ক্ষণিক প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া ওই দুই স্থাপনায় দেশটি অঘোষিত পারমাণবিক পদার্থ সংরক্ষণ বা ব্যবহার করেছে কিনা সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।

এ বিষয়ে রুহানি বলেন, আইএইএ’র নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে বৈধ তদন্ত এবং এ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। তবে সংস্থাটির প্রবেশাধিকারের অনুরোধগুলো ইসরায়েলের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে এবং এসব অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই।

রুহানি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংস্থাটিকে গত প্রায় ১৮ থেকে ২০ বছর পূর্ব সম্পর্কিত কিছু তদন্তের জন্য চাপ দিচ্ছে। তারা সংস্থাটিকে ধোঁকা দিচ্ছে ও বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি জানান, আমাদের প্রত্যাশা হলো সংস্থাটির নিজের স্বাধীনতা ধরে রাখতে সক্ষম হওয়া উচিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর সুনাম নষ্ট করছে বলেও সতর্ক করেন তিনি।

ইরান আইএইএ’র সঙ্গে ‘আইনী পরিদর্শন’ সম্পর্কিত কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট রুহানি। সূত্র-ডেইলি সাবাহ।