ইউরোপে মার্কিন উপস্থিতি বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক।।

ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বিশ্ব নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব ইয়েনস স্টল্টেনব্যার্গ। এছাড়া ন্যাটোতে জার্মানির আরো বেশি নেতৃত্বের আহ্বান জানিয়েছেন তিনি।

ন্যাটোর শর্ত অনুযায়ী প্রতিরক্ষা বাজেট না বাড়ানোয় জার্মানির সমালোচনা করে সম্প্রতি দেশটি থেকে প্রায় সাড়ে নয় হাজার মার্কিন সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া জার্মানিকে ‘কর্তব্যবিমুখ’ বলেও অভিযুক্ত করেছেন তিনি।

ট্রাম্পের এই ঘোষণা বাস্তবায়িত হলে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ২৫ হাজারে নেমে আসবে। ট্রাম্পের এই ঘোষণার সমালোচনা করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার ও পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস।

ন্যাটোর মহাসচিব বলেন, ন্যাটো সদস্যদের মধ্যে সবসময় মতপার্থক্য ছিলো। তবে তা সত্ত্বেও ন্যাটোকে ইতিহাসের সবচেয়ে সফল জোট মনে করেন তিনি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্টল্টেনব্যার্গ জানান, ন্যাটো গঠনের মূল লক্ষ্য ছিলো সদস্য রাষ্ট্রগুলোর একে অন্যকে রক্ষা করা। এই কাজ করতে গিয়ে সবাই সবসময় একমতে পৌঁছেছে।

ফলে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে এখন যে মতের পার্থক্য দেখা যাচ্ছে সেটি কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব। তিনি বলেন, গত সপ্তাহে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠক হয়েছে। সেখানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেন যে, জার্মানি থেকে সেনা সরানোর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা বাস্তবায়নের সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি।

ন্যাটো মহাসচিব আরো জানান, জার্মানি থেকে সেনা সরানোর ঘোষণার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তিনি। সেসময়ে তিনি ট্রাম্পকে জানান, ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এটি যুক্তরাষ্ট্রের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

স্টল্টেনব্যার্গ বলেন, উত্তর আমেরিকার নিরাপত্তার জন্য ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। আমাদের এটাও মনে রাখতে হবে যে, জার্মানি ও ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতি মানে শুধুমাত্র ইউরোপকে রক্ষা নয়, বরং ইউরোপ ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আফগানিস্তানসহ অন্যান্য জায়গায়ও যুক্তরাষ্ট্রের শক্তি দেখানোর একটি বিষয়।

স্টল্টেনব্যার্গ বলেন, জার্মানি তার প্রতিরক্ষা বাজেট প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছে। আগামী এক দশকে এই বাজেট ৮০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি।

বর্তমানে ন্যাটোর সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর জার্মানির প্রতিরক্ষা বাজেটই সবচেয়ে বেশি। বিশ্বের জন্য জার্মানির আরো নেতৃত্ব প্রয়োজন বলে উল্লেখ করেন স্টল্টেনব্যার্গ। এছাড়া ন্যাটোরও জার্মানির নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। তাই জার্মানি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক বলে আশা প্রকাশ করেন ন্যাটো মহাসচিব। সূত্র-ডয়চে ভেলে।