বিশেষ নিয়মে শ্বাস নিলেই করোনার প্রভাব ঠেকানো যাবে: নোবেলজয়ী গবেষক

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনাভাইরাস কীভাবে ঠেকানো যাবে, তা নিয়ে নিরন্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেই পরামর্শ দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা।

নোবেলজয়ী ফার্মাকোলজিস্ট লুইস জে ইগনারোর সম্প্রতি একটি আর্টিকেল প্রকাশিত হয় দ্য কনভারসেশন-এ। সেখানে তিনি লিখেছেন, যারা নাক দিয়ে শ্বাস গ্রহণ করে মুখ দিয়ে তা ছাড়েন তাদের শরীরে করোনা প্রতিরোধের ক্ষমতা বেশি ভালো থাকে। শুধু ‘ইয়োগা’ ক্লাস নয় সর্বক্ষেত্রেই এই নিয়ম মেনে চলার পরামর্শ তার। খবর ডাউন টু আর্থ

যারা নাকে দিয়ে শ্বাস নেয় এবং মুখ দিয়ে শ্বাস ছাড়েন তাদের ন্যাজাল ক্যাভিটিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই মলিকিউল ফুসফুস গিয়ে রক্তের প্রবাহ বৃদ্ধি করে, পাশাপাশি রক্তে অক্সিজেনের লেভেল বাড়িয়ে তোলে। রক্তে অধিক অক্সিজেন থাকলে মানুষ সতেজ বোধ করে। এমনটাই দাবি লুইস জে ইগনারোর।

শরীরে নাইট্রিক অক্সাইডের প্রভাব বিষয়ে গবেষণার জন্য ১৯৯৮ সালে নোবেল জেতেন লুইস জে ইগনারো। করোনার প্রতিষেধক আসার আগ পর্যন্ত এই গবেষকের পরামর্শ কাজে দিতে পারে। অন্তত এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এমনকি কোনো অর্থও খরচ হয় না!