রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের বড় জয়

স্পোর্টস ডেস্ক।।

ইতালিয়ান সিরি আ’র ম্যাচে বড় জয় পেয়েছে টেবিলের শীর্ষ দল জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে লেচ্চের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে দলটি। পর্তুগীজ তারকা একটি গোল করার পাশাপাশি দুটি গোলে করেছেন অ্যাসিস্ট।

জুভেন্টাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুক্রবার (২৬ জুন) রাতে খেলতে নামে লেচ্চে। ফেবারিট হিসেবে শুরু করলেও প্রথমার্ধে সাফল্যের দেখা পায়নি জুভরা। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলে স্বাগতিকরা এগিয়ে যায়। ৫৩ মিনিটে তার দূরপাল্লার শটে হওয়া গোলের পাস এসেছিল রোনালদোর পা থেকে।

ম্যাচের ৬২ মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন রোনালদো। স্পট কিক থেকে গোল করেন সিআর সেভেন। চলতি মৌসুমে এটি তার ২৩তম গোল।

দিবালাকে উঠিয়ে ৭৭তম মিনিটে তার স্বদেশী স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনকে নামান জুভ কোচ। মাঠে নামার ছয় মিনিটের মাথায় দলের পক্ষে তৃতীয় গোল করেন তিনি। এখানেও অ্যাসিস্ট করেন রোনালদো।

লেচ্চের কফিনে ম্যাচের ৮৫ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন ম্যাথিউস ডি লিখট। নেদারল্যান্ডের এই ডিফেন্ডার ডগলাস কস্তার বাড়ানো বল পেয়ে চতুর্থ গোলটি তুলে নেন। একইসঙ্গে নিশ্চিত করেন জুভদের বড় জয়।

এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল জুভেন্টাস। সিরি আ’তে ২৮ ম্যাচ খেলে দলটির সংগ্রহ ৬৯। এক ম্যাচ কম খেলা লাৎসিওর পয়েন্ট ৬২।