জাতীয় তথ্য বাতায়ন: গলাচিপা উপজেলার মেয়র-কাউন্সিলারদের তথ্য নেই

হারুন অর রশিদ, গলাচিপা।।
জাতীয় তথ্য বাতায়নের গলাচিপা উপজেলার ওয়েব পোর্টালে পৌরসভার তথ্য রক্ষনাবেক্ষনের অভাবে সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। মেয়রসহ, নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষের পথে হলেও তাদের ছবিসহ নামের নেই কোনো তালিকা। এছাড়া পৌরসভায় কর্মরতদের নামের তালিকাও হালনাগাদ করা হয়না। এতে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে অবহেলা করছে সংশ্লিষ্টরা। ফলে ঊর্ধতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করতে নানা সমস্যায় পড়তে হয়।

জানা গেছে, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি দপ্তর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে ৫বছর আগে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাববধানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় দেশের সকল ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ প্রায় পঁচিশ হাজার সরকারি দপ্তরের ওয়েব সাইটের মিলে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন তৈরি করা হয়েছে।

এদিকে, গলাচিপা পৌরসভা ১৯৯৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। ৩.৪ বর্গ কি.মি আয়তনে ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভার জনসংখ্যা প্রায় ২৫হাজার। ২০১৭ সালের ৭ মার্চ মেয়র পদে উপ-নির্বাচনে আহসানুল হক তুহিন নির্বাচিত হওয়ার ৩বছর পেরিয়ে গেলেও এখনো তার তথ্য যুক্ত করা হয়নি। এছাড়া তারও আগে ২০১৬ সালের ৭ আগষ্ট পৌরসভার সাধারণ নির্বাচন হয়। নির্বাচিতদের মেয়াদ শেষের পথে হলেও গলাচিপা পৌরসভার ওয়েব পোর্টালে কারোই নাম নেই। সংরক্ষিত মহিলা আসনের ১,২,৩ নং ওয়ার্ডের সদস্য সাহিদা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল মেয়র আঞ্জুমানারা বেগম করুনা, ৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্য সাহিদা বেগম, কাউন্সিলরগন- ১নং ওয়ার্ডের সোহাগ মিয়া, ২নং এর আখি হাওলাদার, ৩নং এর মোঃ রফিকুল ইসলাম, ৪নং এর সুশীল চন্দ্র বিশ্বাস, ৫নং এর আবুল বাশার, ৬নং এর আবুল খায়ের বাবলু, ৭নং এর সমীর কৃষ্ণ পাল, ৮নং এর সাহেব আলী, ৯নং এর কাউন্সিলর শাহিন মিয়া। এদের কারো ছবি, ঠিকানা, মোবাইল, ইমেইল বা শিক্ষাগত যোগ্যতার কোনো তথ্য এখানে দেয়া নেই। পোর্টালে দেয়া হয় না কোনো নোটিশ বা কার্যক্রমের তালিকা।

এছাড়া উপ-সহকারী প্রকৌশলী(সিভিল) মোঃ জহিরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী(সিভিল) এইচএস সোলায়মান গলাচিপা পৌরসভা থেকে অন্যত্র বদলী হলেও এদের তথ্য যথাযথ স্থানেই রয়ে গেছে। এই পদে উপ-সহকারী প্রকৌশলী(সিভিল) অলক সমাদ্দার চাকরিরত থাকলেও তার নাম তালিকায় নেই। নলকূপ মিস্ত্রি জসিম উদ্দিন মারা গেলেও তার নাম পোর্টালেই রয়েছে। কে আসে, কে যায় নেই কোনো সুনির্দিষ্ট তথ্য।

দৈনিক সমকালের গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ কাওসার জানান, জাতীয় তথ্য বাতায়ন হলো সরকারী বিভিন্ন তথ্য জানার মাধ্যম। কিন্তু গলাচিপা পৌরসভার তথ্যগুলো হালনাগাদ না করায় বঞ্চিত হচ্ছে ভুক্তভোগিরা। অন্যদিকে মেয়র ও কাউন্সিলরদের তথ্য সংযুক্ত না থাকায় প্রধান মন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ ব্যাহত হচ্ছে।

গলাচিপা পৌরসভার সচিব সাইফুর রহমান খান জানান, পোর্টালে তথ্য আপডেট করা হয়নি। তবে শীঘ্রই আপডেট করা হবে।

গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন জানান, প্রতিবেদকের ফোনের পর এ বিষয়ে জানতে পারলাম। তবে খুব তাড়াতাড়ি পোর্টালগুলো হালনাগাদ করা হবে।