বরিশালে করোনার টেস্ট ফি বাতিলের দাবিতে মানববন্ধন

রূপালী ডেস্ক।।
করোনা মহামারি নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানসহ অর্থনৈতিক হুমকিতে পড়া যুবকদের জরুরি ভিত্তিতে বেকার ভাতা ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১ টায় বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখা। ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, বরিশাল মহানগরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন (টিটু), দফতর সম্পাদক মাওলানা মিরাজুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি নাসির উদ্দিন নাইস।

বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলার সহ-সভাপতি মুহাম্মাদ জালাল উদ্দিন, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আতিক উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলার সভাপতি মুহাম্মাদ মুঈনুল ইসলাম, মহানগরের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম প্রমুখ।

সেসময় বক্তারা বলেন, দেশে করোনা মহামারি আকার ধারণ করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। দিন যতই যাচ্ছে দেশের মানুষের দুঃখ-দুর্ভোগ ততই বাড়ছে। কিন্তু জাতির এমন দুঃসময়ে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের কোন খোঁজ মিলছে না। করোনা নিয়ন্ত্রণে বহির্বিশ্বের দেশগুলোর তৎপরতা আমরা দেখছি, কিন্তু বাংলাদেশ সরকারের এ ব্যাপারে কোন তৎপরতা নেই।

বক্তারা আরো বলেন, করোনার এই মহামারির সময়ে মানুষের বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা, কিন্তু করোনা টেস্ট ফি নির্ধারণ করা দেশের মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘা। এই নির্ধারিত ফি বাতিল করে চিকিৎসা সামগ্রী প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া দেশের প্রায় অধিকাংশ যুবক সমাজ তাদের কর্মসংস্থান হারিয়ে দিশেহারা। তাই যুবক সমাজের জন্য বেকার ভাতা প্রদান ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।