গলাচিপায় মৃত ব্যক্তির বয়স্ক ভাতা খাচ্ছেন ইউপি সদস্য!

গলাচিপা প্রতিনিধি।।
গলাচিপায় শত বছর ঊর্ধে ব্যক্তির মৃত্যু পরও বয়স্ক ভাতা উত্তোলন করে আত্মসাৎ করেছে গজালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো: নিজাম উদ্দিন। এ জন্য একই ওয়ার্ডেও বাসিন্দা দানিয়াল ইসলাম সজিব বৃহস্পতিবার (২ জুলাই) ইউপি সদস্যের বিরুদ্ধে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে।

ইউএনও তাৎক্ষনিকভাবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমানের নিকট তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন ইচাদি গ্রামের আকরাম খা’র ছেলে ইসমাইল খা দীর্ঘ দিন ধরে কৃষি ব্যাংক চিকনিকান্দি শাখা হতে বয়স্ক ভাতা পেয়ে আসছিল। যার পিপি নং ১৩৩, হিসাব নং ৪১৩৮। তিনি ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ১০৫ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে মারা যান। যা গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত কার্যালয়ের লেজার বহির মৃত্যুর তালিকায় ৯৭ পৃষ্ঠার ৫২নং সিরিয়ালে দেখা গেছে।

এ ব্যাপারে চিকনিকান্দি শাখার কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক মোশাররফ হোসেন জানান, ইসমাইল খার মৃত্যু হয়েছে, তিনি জানেন না। তবে চলতি বছরের প্রথম ৩ মাসের বয়স্ক ভাতাও ২০এপ্রিল গজালিয়ার ইউপি সদস্য নিজাম উদ্দিন তুলে নিয়ে গেছে।

ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, আমি টাকা উত্তোলন করি নাই। ইসমাইল খার পুত্র আলম খা টাকা উত্তোলন করেছে।

তদন্ত অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।