কাউখালীতে দুই দিনের ব্যবধানে বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনের মৃত্যু

কাউখালী প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রশীদ তালুকদার (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) উপজেলার দাসেরকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ রশীদ তালুকদার স্থানীয় দাসেরকাঠি গ্রামের মেসের আলী তালুকদার এর ছেলে। সে চার সন্তানের জনক।
এ ঘটনায় চলতি সপ্তাহে কাউখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন বৃদ্ধের মৃত্যু ঘটে।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার বৃদ্ধ রশীদ তালুকদার বসতঘরের পাশের ঝোঁপঝাড় পরিস্কার করছিলেন। এসময় তিনি বাঁশ কাটছিলেন। বাঁশের মাথা পার্শ্ববর্তী পল্লীবিদুতের ৩৩ হাজার কেভি লাইনের ওপর পড়ে। এতে ওই বৃদ্ধ বিদ্যুৎ স্পৃষ্ট হন। প্রতিবেশী ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বুধবার উপজেলার কাঁঠালিয়া গ্রামে আজহার আলী ও তার স্ত্রী রেনু বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হন। এ নিয়ে দুই দিনের ব্যবধানে কাউখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে তিন বৃদ্ধের মৃত্যু ঘটে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল হতে লাশ উদ্ধার করে নিহতর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।