করোনায় যেভাবে শিক্ষাযোদ্ধা হয়ে উঠলেন প্রভাষক মাওলানা মো. নাসরুল্লাহ

কাউখালী প্রতিনিধি॥
বৈশ্বিক মহামারী করোনায় একজন শিক্ষাযোদ্ধা হিসেবে নিয়মিত অনলাইনে লাইভ ক্লাস নিয়ে যাচ্ছেন পিরোজপুর জেলার কাউখালী নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাও. মো. নাসরুল্লাহ। করোনা সংকটে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির মূহুর্তে মাদরাসার আরবি শিক্ষাকে এগিয়ে নিতে তিনিও শামিল হয়েছেন দেশের করোনা শিক্ষাযোদ্ধাদের কাতারে। গত ২০ এপ্রিল থেকে তিনি ফেসবুক পেইজ কেন্দ্রিক বরিশাল অনলাইন স্কুল, নরসিংদী অনলাইন পাঠশালা ও বাংলাদেশ অনলাইন মাদরাসাসহ ময়মনসিংহ অনলাইন স্কুল ও চট্রগ্রাম অনলাইন স্কুলে মাদরাসা শিক্ষার্থীদের জন্য দাখিল অষ্টম শ্রেণি থেকে আলিম পর্যন্ত আরবি ১ম, আরবি ২য় পত্র, কুরআন ও হাদিস বিষয়ে নিয়মিত পাঠদান করে আসছেন। তিনি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ডের শিক্ষার্থী ও অভিভাবকদের তিনি প্রশংসা কুড়িয়েছেন।

উল্লেখ্য, মাও. মো. নাসরুল্লাহ ২০১৯ ইং সনে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি আইসিটি ফর ই-র জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনলাইন ক্লাস প্রসঙ্গে মাও. মো. নাসরুল্লাহ বলেন-শিক্ষার্থীদের সামনে পরীক্ষার কথা মাথায় রেখেই আরবি বিষয়ে এতদিন ফেসবুক পেইজ অনলাইন স্কুলগুলোতে পাঠদান করে আসছি। এ ক্লাস গুলোতে মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করলে অবশ্যই উপকৃত হবে। এছাড়া দেশের একঝাক তরুণ করোনা শিক্ষাসহযোদ্ধা শিক্ষকবৃন্দ এ অনলাইন স্কুলগুলোতে নিয়মিত রুটিনমাফিক পাঠদান করে থাকেন। এ মূহুর্তে মাদরাসা শিক্ষার্থীরা ও সাধারণ শিক্ষার্থীদের মতো এ অনলাইন স্কুলগুলোতে ভিজিট করে নিজেদের পাঠকার্যক্রম চালিয়ে যেতে পারে। বিশেষত মাদরাসা শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশ অনলাইন মাদরাসা” ফেসবুক পেইজ বিশেষ ভূমিকা পালন করছে।

জানা যায়, করোনার এই সংকটময় মূহুর্তে শিক্ষা ব্যবস্থার এ ক্রান্তিকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার প্রথমে সংসদ টেলিভিশনের মাধ্যমে আমার ঘরে, আমারস্কুল/মাদ্রাসা শ্রেণি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে এ কার্যক্রমকে আরো বেগবান করতে শিক্ষামন্ত্রণালয় ও এটুআই-র যৌথ উদ্যোগে দেশের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপকদের সরাসরি নেতৃত্ব ও নির্দেশনায় শুরু হয় ফেসবুক কেন্দ্রিক অনলাইন শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষাযোদ্ধা হিসেবে এগিয়ে আসেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক অ্যাম্বাসেডরসহ বিভিন্ন বিষয়ের দক্ষ দেশ সেরা তরুন শিক্ষকবৃন্দ।