ধোনির জন্মদিনে ব্রাভোর ‘হেলিকপ্টার সং’

স্পোর্টস ডেস্ক।।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন আজ। রাঁচিতে জন্ম নেয়া এই ক্রিকেটার আজ ৩৯ বছরে পা রাখলেন। ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাত ধোনির জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। বিশেষ এই দিনেই তাকে নিয়ে গান রিলিজ করেছেন ক্যারিবীয় ক্রিকেট তারকা ডোয়াইন ব্রাভো।

ক্রিকেটের অন্যতম মহাতারকার জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুভেচ্ছা জানিয়েছে। বলা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনিকে শুভেচ্ছা জানানোর প্রতিযোগিতায় মেতেছেন ভক্তরা। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন ব্রাভো। চেন্নাই সুপার কিংসের সতীর্থকে উৎসর্গ করে একটা গানই বের করেছেন তিনি।

অবশ্য ধোনির জন্মদিন উপলক্ষে গান তৈরির কথা আগেই জানিয়েছিলেন ব্রাভো। মাহির জন্মদিনের রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের পেজ থেকে গানটি প্রকাশ করা হয়, যার নাম দেয়া হয়েছে হেলিকপ্টার সং।

জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ধোনিকে ‘ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার’ বলে উল্লেখ করেছেন ব্রাভো। ভক্তরাও গানটি অনেক পছন্দ করেছেন।