করোনা প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে

অনলাইন ডেস্ক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এক শ্রেণির অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে। এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

বুধবার (০৮ জুলাই) নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদুল আজহায় করোনা সংক্রমণ বিস্তার রোধে সবাইকে সচেতন জনযোদ্ধা হিসেবে কাজ করতে হবে। সমাগম এড়িয়ে চলতে হবে। পরিবারের স্বার্থে বাস, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট, গরুর হাটে সমাজিক দূরত্ব বজায় রেখে সাবধানে চলাফেরা করতে হবে। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য যাত্রা যেন বিষাদ যাত্রায় রূপ না নেয় সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে এবং মানুষ ঠকাচ্ছে। সরকার এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।

আক্রান্তদের চিকিৎসায় সম্মুখসারিতে থেকে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আবারো অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আপনারা ত্যাগ, মনোবল এবং সংকটে সহমর্মিতার যে নজির স্থাপন করেছেন জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই অনেক চিকিৎসক, পুলিশ সদস্য, সাংবাদিক, নার্স, টেকনোলজিস্ট এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন। তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সেতুমন্ত্রী বলেন, এ সংকটে জাতির প্রয়োজনে দৃঢ় মনোবল নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে।