ইরানে বিয়ের অনুষ্ঠান সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনার সংক্রমণ বাড়ায় ইরানে বিয়ের অনুষ্ঠানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাষণের পরপর পুলিশ তেহরানের সব বিয়ে ও শোক প্রকাশের ভেন্যু পরবর্তী নোটিশের আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। -খবর রয়টার্স’র।

রুহানি তার ভাষণে বলেছেন, আমাদেরকে অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান ও জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সেটা হোক শোকের, বিয়ের বা আনন্দ আয়োজনের।

মধ্য এপ্রিল থেকে ইরান লকডাউনে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করছে। তবে সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ১৮৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ১২ হাজার ৬৩৫ জনে পৌঁছেছে বলে শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।