বাসের ভেতর ধর্ষণচেষ্টা, চিৎকার করে রক্ষা পেল নারী

অনলাইন ডেস্ক।।
সাভারের আশুলিয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার দাস।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ফেরদৌসের ছেলে ও আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালক আরিফ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)।

পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রোববার রাতে ওই নারীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দেখা হয় পরিবহন শ্রমিকদের। পরে ওই নারীসহ তারা তিনজন আশুলিয়ার পলাশবাড়ী সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আশুলিয়া ক্লাসিক পরিবহনে ওই নারীকে জোর করে তোলেন তিন পরিবহন শ্রমিক। পরে ধর্ষণের চেষ্টা করলে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার দাস বলেন, বাসের চালকসহ তিনজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।