রিয়ালের শিরোপা জয়ের দিনে বার্সার হার

স্পোর্টস ডেস্ক।।

লা লিগায় ওসাসুনার বিপক্ষে হেরেছে বার্সেলোনা। নিজেদের মাঠে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের ম্যাচ ২-১ গোলে হেরেছে কিকে সেতিয়েনের দল।

৩৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯। অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬।

শুরুতে স্বাগতিকদের চেপে ধরে ওসাসুনা। আক্রমণাত্মক ফুটবলের ফল দ্রুতই পায় দলটি। ধারে খেলতে আসা দুই খেলোয়াড়ের নৈপুণ্যে ষোড়শ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ডিফেন্ডার এস্তুপিনানের চমৎকার ক্রসে বার ঘেঁষে জাল খুঁজে নেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার হোসে আরনাইস।

পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে আক্রমণে যায় বার্সেলোনা। ২২তম মিনিটে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি। তার ফ্রি-কিক ক্রসবার কাঁপিয়ে চলে যায় বাইরে। চতুর্থ ফ্রি-কিকে জালের দেখা পান মেসি। বাঁ দিকের বারে লেগে ভেতরে যাওয়া বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না ওসাসুনা গোলরক্ষকের। চলতি আসরে আর্জেন্টাইন তারকার এটি ২৩তম গোল।

যোগ করা সময়ে এনরিকে বারহার দারুণ ক্রসে আবার ওসাসুনাকে এগিয়ে নেন রবের্তো তরেস। সমতা ফেরানোর সুযোগ এসেছিল সুয়ারেসের সামনে। বল বারে মারেন তিনি, হারের হতাশায় মাঠ ছাড়ে বার্সেলোনা।