শিল্পার আপত্তি!

বিনোদন ডেস্ক।।
অভিনয় থেকে অনেকটাই অনিয়মিত এক সময়ের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠি। তবে সকল বিরতির অবসান ঘটিয়ে কামব্যাক করার কথা ছিল তার। একসঙ্গে দুটি সিনেমা নিয়ে হাজির হতে চেয়েছিলেন তিনি। কিন্তু করোনার কারণে সকল কিছু মাটি হয়ে গেছে। তবে এতে না দমে গিয়ে তিনি জানান, ম্যান প্রোপোজেজ ও প্যানডেমিক ডিসপোজেজ সিনেমার মুক্তি আটকে গেলেও বিশেষ চিন্তিত নন তিনি। বরং এই সুযোগে মেয়ে সামিশার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারছেন।

এ প্রসঙ্গে শিল্পা বলেন, ‘আমি এমন একজন মানুষ যে বর্তমানে বাঁচতে ভালোবাসি। যেদিন যেমনভাবে আমার সামনে আসে, সেদিনটা তেমনভাবেই কাটাই। আমার মনে হয় না, বড়পর্দায় আমার প্রত্যাবর্তন স্বাস্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে বলে। এই পরিস্থিতিতে আমি বাড়ি থেকে বের হতে চাই না। মেয়ে যখন হলো, তখন খুবই চিন্তায় ছিলাম। হাতে দুটি ছবির কাজ আর মেয়ে, ভাবছিলাম কী করে সব সামলাবো।’

সিনেমা দুটির কাজ শেষের আগেই করোনা আঘাত হানে। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার ছবির কাজ এখনো শেষ হয়নি। আমার মনে হয় না প্রযোজকদের এ বছর ছবি রিলিজ করা উচিত। আমি সঠিক সময়ের অপেক্ষা করবো। ২০২০ সালটার অস্তিত্বই নেই এক্ষেত্রে। আমি ২০২১ সালের জন্যে অপেক্ষা করবো।’

এই মুহূর্তে বেশকিছু বড় বাজেটের সিনেমা বিভিন্ন ওটিটি প্লাটফর্মে মুক্তির অপেক্ষায়। শুরুটা হয়েছিল অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার গুলাবো সিতাবো দিয়ে। তার ছবির ক্ষেত্রেও কী তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন?

শিল্পা বলেন, ‘দুটি ছবিরই নির্মাতা ওটিটি প্লাটফর্মে ছবি মুক্তি নিয়ে ভাবছেন না। নিকাম্মার পরিচালক সাব্বিরের সঙ্গে আমার কথা হয়েছে। ও একেবারই ইচ্ছুক নয় ওয়েব প্লাটফর্মে ছবি মুক্তিতে। আমাদের ছবিটি বেশ বড়মাপের, তাই চাই প্রেক্ষাগৃহের ডলবি ডিজিটাল সারাউন্ড সাউন্ডে তা শুনতে। এমনকি হাঙ্গামা ২-এর প্রযোজক রতনজিও ওটিটি রিলিজের পক্ষে নন। আমার মনে হয়, সব কিছু ভালোর জন্যই হয়। তাছাড়া আমিও ওয়েব প্লাটফর্মে আমার সিনেমা মুক্তি দিতে চাই না। সঠিক সময়েই আমাদের ছবি মুক্তি দিতে চাই।’