ভয়ঙ্কর দুর্ঘটনা, অল্পের জন্য বেঁচে গেছেন অভিনেত্রী খুশি

বিনোদন ডেস্ক।।
করোনার কারণে দীর্ঘ বিরতীর পর সম্প্রতি শুটিংয়ে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন তিনি। অল্পের জন্য বেঁচে গেছেন এই অভিনেত্রী।

খুশি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) ঈদের নাটক ‘নসু ভিলেন’-এর দৃশ্যায়নের জন্য পুবাইল যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মাজুখান বাজারের কাছে তখন গাড়িতে একাই ছিলেন খুশি। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে দারুণ বিপর্যস্ত তিনি। অনেকটাই যেন কোমার মধ্যে রয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তাকে নিয়ে দুশ্চিন্তায় বিপর্যস্ত হয়ে আছে তার স্বামী বৃন্দাবন দাস ও দুই পুত্র।

তিনি জানান, গাজীপুর যাবার পথে তার গাড়িটির উপর চড়াও হয় একটি বিশাল কার্গো। এতে করে তার গাড়ি কাগজের মতো ধুমড়ে মুচরে যায়। নির্ঘাৎ স্রষ্টার অশেষ কৃপায় তিনি ও তার চালক প্রাণে বেঁচেছেন।

পুরো বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিসব ফেসবুকে পোস্ট দেন শাহানাজ খুশি। তিনি শনিবার সকালে লেখেন, ‌‌‌‌চার মাস পর করোনার মধ্যে প্রথম শুটিংয়ে যাচ্ছি, খারাপ লাগা নিয়ে পরশু এমন একটা পোস্ট দিয়েছিলাম। নাহ, আমাকে অদৃশ্য করোনা এখনো ছোঁয়নি, আমাকে মৃত্যুর দুয়ারে নিয়েছিল! এই গাড়ির মধ্যে আমি ছিলাম! একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, ভালো আছি!”