নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস ডেস্ক।।
পারিশ্রমিকের বিষয়ে ফিফার কাছে নালিশ করেছিলে তিন বিদেশি ফুটবলার। তার প্রেক্ষিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা। তবে ঝামেলা মিটিয়ে ফেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা।

শনিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাইফের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০১৭ সালের প্রথম দিকে স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওবরাদভিচকে প্রাকমৌসুম প্রস্তুতির সময় এনেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। মান ভালো না হওয়ায় রেজিস্ট্রেশন না করে তাদের বিদায় করে দেয় ক্লাবটি।

পরে তিন এ ফুটবলার ফিফার কাছে অভিযোগ দাখিল করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিদেশি এই তিন ফুটবলারকে ১ লাখ ৫ হাজার ৫০০ মার্কিন ডলার দেয়ার নির্দেশ দিয়েছিল ফিফা।

নির্ধারিত সময়ের মধ্যে জরিমানাসহ অর্থ পরিশোধ না করায় ক্লাবটির নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

ওই খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা মিটমাট করে অর্থ পরিশোধ করায় ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো সাইফ স্পোর্টিং ক্লাব।