ন্যু ক্যাম্পের নাম বদলে লিও মেসি স্টেডিয়াম!

স্পোর্টস ডেস্ক।।

বার্সেলোনার স্বর্ণযুগের একজন কারিগর দানি আলভেস। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার মেসি-জাভি-ইনিয়েস্তাদের সঙ্গে মিলে গড়েছিলেন অন্যরকম স্বপ্নের দল। আজ মেসি ছাড়া দলে কেউই নেই। বার্সেলোনার বর্তমান অবস্থা দেখে খুশি নেই আলভেসের মনে। তিনি জানেন, মেসিও হয়তো খুব বেশিদিন খেলবেন না। এই ব্রাজিলিয়ানের ইচ্ছা, বার্সেলোনার হোম ভেন্যু ন্যু ক্যাম্পের নাম পরিবর্তন করে মেসির নামে রাখা হোক।

লা লিগার চলতি মৌসুমে অনেকটা নিজেদের দোষেই শিরোপা খুইয়েছে বার্সেলোনা। তবে মেসি একা আর কতই করবেন? একটা সময় যে দল এক মৌসুমেই ছয়টি শিরোপা ঘরে তুলেছে সেই দল এই মৌসুমে কোনো শিরোপা জিতবে কি না সন্দেহ। দলের এমন অবস্থায় মনঃকষ্টে ভুগছেন দানি আলভেস।

সম্প্রতি কাতালুনিয়া রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন আলভেস। তিনি মেসিকে নিয়ে বলেন, ‘ও একজন জাত বিজয়ী। মেসি কখনোই হারতে পছন্দ করে না। ফলে এই অবস্থায় ওর রাগ হবে এটাই স্বাভাবিক। সে আমার মতোই, সব সময় জিততে চায়।’

আলভেস আরো বলেন, ‘মেসি অনেক বছর ধরেই ফুটবল খেলছে। ও বোঝে দল কখন ভালো খেলছে আর কখন খারাপ। লিও জানে জেতার জন্য কী কী করতে হয়। আমার মনে হয়, ও ঠিকঠাক সমর্থন পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না। আমাদের সময়ও মেসি মূল তারকা ছিল, কিন্তু আমরা তাকে যথাযোগ্যভাবে সাহায্য করেছি।’

বার্সেলোনার সম্পর্কে আলভেস বলেন, ‘বার্সা সব সময় শীর্ষে থাকতে চায়। কিন্তু একটা শীর্ষস্থানীয় ক্লাব হতে গেলে কিন্তু মেসি একা কিছু করতে পারবে না। সেটা বানানোর জন্য আপনার আরো মানুষ লাগবে। মেসি সব সময় ক্লাবের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। তবে দিনশেষে সেও একজন মানুষ।’

ক্লাবের বর্তমান অবস্থায় গুজব উঠেছে, ক্লাব ছেড়ে চলে যেতে পারেন মেসি। এ বিষয়ে সাবেক ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমার মনে হয় না মেসি ক্লাব ছাড়বে। সে কিন্তু বার্সেলোনার মূল তারকা, পোস্টার বয়। যদি মেসি চলে যায় তবে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ভুল হবে সেটা। মেসির মতো কাউকে এই ক্লাব থেকে অবসর নিতে না দেওয়া হবে অনেক বড় ভুল। আমি মনে করি স্টেডিয়ামের নামও পরিবর্তন করে ক্যাম্প ন্যু থেকে লিও মেসি করা উচিত।’