মঠবাড়িয়ায় বলেশ্বরে জেলা প্রশাসনের অভিযানে জেলেদের হামলা, ৩জন গুলিবিদ্ধ

মঠবাড়িয়া প্রতিনিধি।।

মঠবাড়িয়ার বলেশ্বর নদে মঙ্গলবার (০৫ মে) দিনভর জাটকা সংরক্ষণ কর্র্মসূচীর আওতায় বিশেষ অভিযানে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর নেতৃতে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার বলেশ্বর নদের তুলাতলা, ছোট মাছুয়া, তুষখালীর মোহনায় ভ্রাম্যমান আদালত নদে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৯টি বেহেন্ধী জাল ও ২টা বেড়া জালসহ অন্যান্য সরমঞ্জাদি উদ্ধার করে। যার অনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

এদিকে তুষখালী নদীর মোহনায় জাল আটকের সময় অভিযানে অংশ নেয়া কর্মকর্তা, পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে জেলেরা হামলার চেষ্টা চালায়। এসময় কোস্ট গার্ড ৭ রাউন্ড ফাঁকা গুলি ও পরে আত্মরক্ষার্থে ১৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের জেলে মোতালেব হাং (৬০), তার ছেলে শাহীন হাং (২৫) ও একই গ্রামের মৃত আ. খালেকের স্ত্রী হাজেরা বেগম (৬০) গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হাজেরা বেগমকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন এবং মোতালেব ও শাহীনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভান্ডারিয়ার তেলিখালী ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার জানান, কোস্ট গার্ড নদীর তীরে রাখা জাল আটক করতে গেলে স্থানীয় জেলেরা বাঁধা দেয়। এসময় কোস্ট গার্ড জেলেদের ওপর গুলি ছোড়ে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আরও ৭জন জেলে আহত হয়েছেন।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আ. বারী জানান, কোস্ট গার্ডের ওপর জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তিনি আরও জানান, জেলেদের হামলায় জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের পেশকার আবুল কাসেম আহত হয়। সরকারী কাজে বাঁধা ও কর্মচারী আহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী জানান, বলেশ্বর নদে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৯টি বেহেন্ধী জাল ও ২টা বেড়া জালসহ অন্যান্য সরমঞ্জাদি উদ্ধার করে তেলিখালী লঞ্চঘাট সংলগ্ন চরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।